জাপানের রাজধানী টোকিও-তে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘ইন্দো-প্যাসিফিক এনার্জি সিকিউরিটি মিনিস্টেরিয়াল অ্যান্ড বিজনেস ফোরাম’-এ যোগ দিতে সেখানে অবস্থান করছেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
১৪ থেকে ১৫ মার্চ পর্যন্ত চলা এই উচ্চপর্যায়ের আন্তর্জাতিক ফোরামটি যৌথভাবে আয়োজন করেছে ইউ.এস. ন্যাশনাল এনার্জি ডমিনেন্স কাউন্সিল এবং জাপানের অর্থনীতি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। আয়োজক হিসেবে উপস্থিত আছেন কাউন্সিলের চেয়ারম্যান ও মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বারগাম, ভাইস চেয়ারম্যান ও মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিওসেই।
এই সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তিমুর-লেস্তে ও ভিয়েতনাম-এর জ্বালানি মন্ত্রীরাও অংশ নিচ্ছেন।
ফোরামে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি স্থিতিশীল ও শক্তিশালী জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার কৌশল নিয়ে আলোচনা হবে। বিশেষ করে পর্যাপ্ত, নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও নিরাপদ জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উপায় খুঁজে বের করাই আলোচনার প্রধান লক্ষ্য।
এদিকে সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি বাংলাদেশের জ্বালানি মন্ত্রী যুক্তরাষ্ট্র, জাপান ও ব্রুনাইসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার। এসব বৈঠকের মূল লক্ষ্য বাংলাদেশের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং নতুন সহযোগিতার সুযোগ তৈরি করা।

