মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে সংযুক্ত আরব আমিরাত-এ এক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আমিরাত নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামছি গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার বিভ্রান্তিকর ও ভুয়া ভিডিও ক্লিপ প্রচার করেছিলেন, যা দেশের জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
তদন্তে দেখা গেছে, এসব ভিডিওতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার হামলা প্রতিহত করার দৃশ্য, মাটিতে পড়া ক্ষেপণাস্ত্র, জনসমাগম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিস্ফোরণের ভুয়া দৃশ্য দেখানো হয়েছে। কিছু ভিডিওতে শিশুদের আবেগকে ব্যবহার করে পরিস্থিতিকে আরও ভয়াবহভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। এমনকি বিদেশের কিছু ঘটনার ফুটেজকে আমিরাতের ঘটনা বলে দাবি করা হয়েছে।
দেশটির পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, ইতোমধ্যে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং তদন্ত চলাকালে তাদের কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো বা দেশের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশি ছাড়াও মিশর, ফিলিপাইন, ভিয়েতনাম, পাকিস্তান, ইরান, ক্যামেরুন, নেপাল এবং ভারতের দুইজন নাগরিক রয়েছেন।

