ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় শুরু হতে যাচ্ছে। অধিবেশন শুরুর সময় সংসদের সভাপতির পদটি শূন্য রাখা হবে।
অধিবেশন চলাকালে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতির নাম প্রস্তাব করবেন। পরে সেই প্রস্তাব অনুমোদনের মাধ্যমে সংসদের সভাপতি নির্ধারণ করা হবে। সভাপতির নেতৃত্বেই পরে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে। সংসদের বিধান অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
অধিবেশনের শুরুতেই প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামে নিহতদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হবে। এরপর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে মোট ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করবেন।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন এবং সেই ভাষণের মধ্য দিয়েই আজকের অধিবেশন শেষ হবে। প্রথম দিনের অধিবেশন শেষ হওয়ার পর আগামী ১৫ মার্চ আবারও সংসদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করে।
সংবিধান অনুযায়ী নির্বাচন-পরবর্তী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আয়োজন করা বাধ্যতামূলক। এ অধিবেশনেই সাধারণত স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রথা রয়েছে।
সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হন। তবে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে দেওয়ার প্রস্তাব করেছিল বিএনপি।
এ বিষয়ে জামায়াতে ইসলামী আপাতত সম্মতি দেয়নি। দলটি জানিয়েছে, সংসদে ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনা শেষ হওয়ার পর তারা ডেপুটি স্পিকারের বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে।

