ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার আগে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশন ঘিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে।
বৈঠকে প্রথম অধিবেশনের সভাপতি নির্বাচন, স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনয়ন নিয়েও সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করছেন সংসদ নেতা। এসব বিষয়ে বৈঠক থেকে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে এবারের ক্ষেত্রে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি।
এদিকে জামায়াতে ইসলামী এই প্রস্তাব গ্রহণ করবে কি না, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে আজ বিরোধী দলের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

