জামালপুরের মেলান্দহ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের লোহার রডের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মো. মাসুদ (৩০)। তিনি ওই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে। অভিযুক্ত মো. হাসিব (২৬) একই এলাকার মমিনের ছেলে। জানা গেছে, তারা একই মায়ের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বসতবাড়ি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে এ বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাসিব লোহার রড দিয়ে মাসুদের মাথায় আঘাত করেন। এতে মাসুদ গুরুতর আহত হন এবং তার মাথার খুলি ফেটে যায়।
পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আরিফুর ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর হক জানান, বসতবাড়ি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। শনিবার রাতে সেই বিরোধ থেকেই এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

