ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং এর জবাবে তেহরানের পাল্টা আঘাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইরাক–এ অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো পৃথক সতর্কবার্তা জারি করেছে। পাশাপাশি জরুরি যোগাযোগের জন্য হটলাইন নম্বরও চালু করা হয়েছে।
এছাড়া দোহা-তে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে কাতার-প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলা এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের নির্দেশনায় বলা হয়, জরুরি পরিস্থিতির কথা বিবেচনায় রেখে সবসময় প্রয়োজনীয় কাগজপত্র, কাতার আইডি, স্বাস্থ্য কার্ড, নগদ অর্থ, ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবার সঙ্গে রাখতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
কাতারের প্রচলিত আইন মেনে চলার ওপর জোর দিয়ে দূতাবাস জানায়, দেশটির সরকারের নির্দেশনা অনুসরণ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে সামরিক বা নিরাপত্তা-সংক্রান্ত ছবি-ভিডিও প্রকাশ করা কাতারের আইনের পরিপন্থী—এ বিষয়েও সতর্ক করা হয়েছে। সবাইকে সংযত ও দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে বলা হয়েছে।
প্রায় একই ধরনের সতর্কবার্তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বিশেষ করে খোলা স্থানে অবস্থান ও বড় ধরনের জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরি যোগাযোগের হটলাইন
কাতার
হটলাইন: +৯৭৪৩৩৬৬২০০০
ইমেইল: mission.doha@mofa.gov.bd
বাহরাইন
হটলাইন: +৯৭৩৩৩৩৭৫১৫৫
ইমেইল: mission.manama@mofa.gov.bd
সংযুক্ত আরব আমিরাত
হটলাইন: +৯৭১২৪৪৬৫১০০
ইমেইল: mission.abudhabi@mofa.gov.bd
ইরাক
হটলাইন: +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০
ইমেইল: mission.baghdad@mofa.gov.bd
দূতাবাসগুলো জানিয়েছে, জরুরি প্রয়োজনে প্রবাসীরা এসব নম্বরে যোগাযোগ করতে পারবেন।

