নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছ্যানদার কোপে এক ব্যক্তির বাম হাতের কব্জী কর্তনসহ দুই ভাই গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চারজনকে অভিযুক্ত করে সিংগাইর থানায় একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভোগীরা। এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের রামচন্দ্রপুর (ধাইরাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রামচন্দ্রপুর (ধাইরাপাড়া) গ্রামের মৃত জোজার আলীর ছেলে সোরহাব হোসেন (৬৫) ও তার ছোট ভাই শাজাহান (৫৫)।
এজাহারে অভিযুক্তরা হলেন- একই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ আলী (৬০), আহাম্মদ (৬৫), আব্দুল জব্বার (৭৫) এবং পাশ্ববর্তী চান্দহর ইউনিয়নের বাগুলী গ্রামের মৃত মোহাম্মদের ছেলে স্বপন (৬০)-কে।
ভুক্তভোগী ও এজাহার সূত্রে জানা গেছে, সোরহাব হোসেনের সঙ্গে মোহাম্মদ আলী ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে সোরহাব হোসেন স্থানীয় নাজিমুদ্দিন ফকিরের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা তাকে গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তারা সংঘবদ্ধভাবে ধারালো অস্ত্র (ছ্যানদা) নিয়ে হামলা চালায়। এতে সোরহাব হোসেনের বাম হাতের কব্জী কর্তন করে এবং ডান হাতের আঙুলে গুরুতর জখম করে। এ সময় ছোট ভাই শাজাহান এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কোপ দেওয়া হয়। এতে তার বাম হাতের আঙুল ও ডান পায়ের গোড়ালিতে গভীর কাটা জখম হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার সকালে অভিযুক্ত মোহাম্মদ আলীর বাড়িতে গিয়ে তাকে না পাওয়া তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

