পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে নিহত সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ১০টার দিকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা মেনে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রধানমন্ত্রীও পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানান।
শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল সামরিক প্রথা অনুযায়ী গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে শোকাবহ সুর, যা পরিবেশকে করে তোলে আবেগঘন।
পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

