সরকার আগামী ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। প্রথম পর্যায়ে দেশের ১৪টি উপজেলায় এ কর্মসূচি চালু হবে। এই কার্ডের মাধ্যমে পরিবারের গৃহকর্ত্রী প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ বিষয়ে গঠিত ১৫ সদস্যের কমিটি। বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে জানান।
মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরুতে চার মাসের জন্য পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) পরিচালিত হবে। এ সময়ের অভিজ্ঞতা মূল্যায়নের পর পর্যায়ক্রমে সারাদেশে এটি সম্প্রসারণ করা হবে। তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক বিবেচনা নয়—একটি ওয়ার্ডের যোগ্য সব পরিবারই এই সুবিধার আওতায় আসবে। উপকারভোগী নির্ধারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি কমিটি কাজ করবে।
অর্থায়ন প্রসঙ্গে তিনি জানান, প্রাথমিকভাবে অর্থ মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দ দেওয়া হবে। পরবর্তী অর্থবছর থেকে জাতীয় বাজেটে এ কর্মসূচির জন্য আলাদা বরাদ্দ রাখা হবে।
এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল সংক্রান্ত আরেকটি বৈঠকও অনুষ্ঠিত হয়। পাশাপাশি নবনিযুক্ত ছয়জন সিটি প্রশাসক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও পরিবেশবান্ধব উদ্যোগ জোরদার করে ‘ক্লিন ও গ্রীন সিটি’ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

