ভূমি মন্ত্রণালয়কে ঘিরে দীর্ঘদিনের ঘুষ ও দুর্নীতির অভিযোগ দূর করার অঙ্গীকার করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান। তিনি বলেছেন, মন্ত্রণালয়ের বহুমুখী চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে সবাইকে সঙ্গে নিয়েই স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর্মপরিবেশ নিশ্চিত করতে চান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবনে সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, অতীতের নানা অনিয়মের কারণে মন্ত্রণালয় সম্পর্কে সাধারণ মানুষের মনে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তা পরিবর্তন করাই এখন প্রধান লক্ষ্য। দক্ষ জনবল, আধুনিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
এদিকে ভূমি প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দায়িত্বে থাকা ব্যক্তিদের কর্মকাণ্ডে মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ঘুষ, দুর্নীতি ও সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

