কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আহতরা হলেন— মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) এবং দুই বছর বয়সী শিশু হুররাম।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জিল হকের শরীরের ৫৪ শতাংশ এবং উম্মে হুমায়রার ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ ও শিশু হুররামের ৬ শতাংশ পুড়ে গেছে। তাদের চিকিৎসা চলছে।

