প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিকে স্বাগত জানায় চীন। দেশটির প্রতিনিধি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান–এর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে একই বার্তা দেন ইয়াও ওয়েন। তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে আশাবাদ প্রকাশ করলেও নতুন সরকারের অবস্থান সম্পর্কে স্পষ্ট মন্তব্য করেননি তিনি।
এ সময় তিনি বলেন, এ অঞ্চলের জনগণের কল্যাণে কাজ করতে চায় চীন এবং তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়—এমন মন্তব্যও করেন রাষ্ট্রদূত।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ–চীন সম্পর্কের বিভিন্ন দিক এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। নতুন সরকারের সঙ্গে স্থিতিশীল উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্রগুলোতে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করে চীন।

