চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আবারও আলোচনার টেবিলে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভা শহরে নতুন দফার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন বদর আল বুসাইদি। তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, চলমান আলোচনা থেকে চূড়ান্ত সমঝোতার পথে ইতিবাচক অগ্রগতি আসতে পারে।
জানা গেছে, পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার—এসব গুরুত্বপূর্ণ ইস্যুকে কেন্দ্র করেই আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
এদিকে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা এখনো চরমে। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে সামরিক উপস্থিতি জোরদার করছে ওয়াশিংটন। অপরদিকে, পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছে তেহরানও। এমন পরিস্থিতির মধ্যেই কূটনৈতিক তৎপরতা নতুন মাত্রা পেল।

