রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় ইব্রাহিম খলিল শুভ নামের এক যুবকের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক এবং জুলাইয়ের একটি হত্যা মামলার সাক্ষী বলে জানা গেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে বসিলার একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি বোরকা ও মাস্ক পরে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। হামলাকারীরা এলোপাতাড়ি কোপ দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শুভকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), যা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত, সেখানে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
আহতের পরিবারের অভিযোগ, জুলাই হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার কারণেই পরিকল্পিতভাবে তার ওপর এ হামলা চালানো হয়েছে।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, নির্বাচন-পরবর্তী সময়ে একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে—এমন আশঙ্কা রয়েছে। তবে প্রাথমিকভাবে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেও এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

