জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ১১ জনের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী ২৯ মার্চ সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন। ট্রাইব্যুনালের অপর সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলায় গ্রেপ্তার দুই আসামি—যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান ও সাবেক এসআই শাহাদাত আলী—কে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি নয়জন আসামি পলাতক রয়েছেন।
আদালতে অভিযোগ পাঠ করে শোনানো হয়। আবুল হাসানের বিরুদ্ধে হত্যা ও কমান্ড দায়িত্বে অবহেলাসহ তিনটি অভিযোগ আনা হয়েছে। কয়েকজনের বিরুদ্ধে দুটি করে অভিযোগ এবং শাহাদাত আলীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে নিপীড়ন ও মিথ্যা সুরতহাল প্রতিবেদন তৈরির অভিযোগ আনা হয়, যার মাধ্যমে আন্দোলনকারীদের নামে ভুয়া মামলা দায়ের করা হয়েছিল বলে উল্লেখ করা হয়।
অভিযোগ গঠনের পর গ্রেপ্তার দুই আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। এরপর ট্রাইব্যুনাল বিচার শুরুর আনুষ্ঠানিক আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ ও আবদুস সোবহান তরফদারসহ অন্যরা শুনানিতে অংশ নেন। গ্রেপ্তার আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আবুল হাসান এবং পলাতকদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী এম হাসান ইমাম ও লোকমান হাওলাদার উপস্থিত ছিলেন।

