আফগানিস্তান সীমান্তঘেঁষা এলাকায় জঙ্গিদের অন্তত সাতটি ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালিয়েছে পাকিস্তান। রোববার (২২ ফেব্রুয়ারি) দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, তেহরিক-ই-তালিবান পাকিস্তান ও আইএসের আঞ্চলিক শাখা আইএসকেপির অবস্থান লক্ষ্য করে এই বিমান হামলা পরিচালিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সীমান্তবর্তী ঘাঁটিগুলোকে জঙ্গিরা নিরাপদ আশ্রয় ও পরিকল্পনা কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল। সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত একাধিক আত্মঘাতী হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে জানায় ইসলামাবাদ।
বিশেষ করে চলতি মাসে ইসলামাবাদের একটি শিয়া মসজিদ এবং বান্নু এলাকায় আত্মঘাতী হামলার পর কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর জেলাতেও সহিংস ঘটনার উল্লেখ করা হয়।
মন্ত্রণালয়ের বক্তব্য, এসব হামলার পেছনে আফগানিস্তানভিত্তিক নেতৃত্ব ও সমন্বয়কারীদের সম্পৃক্ততার বিষয়ে তাদের কাছে ‘চূড়ান্ত প্রমাণ’ রয়েছে। তারা আরও দাবি করে, বহুবার অনুরোধ সত্ত্বেও আফগানিস্তানের তালেবান সরকার সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিজেদের ভূখণ্ড ব্যবহার থেকে বিরত রাখতে কার্যকর পদক্ষেপ নেয়নি।
বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। তবে দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

