শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, শুধু ধাপে ধাপে অগ্রগতি নয়, বড় ধরনের অগ্রযাত্রা নিশ্চিত করতে হবে। তার ভাষায়, “এডুকেশন সেক্টরে শুধু হাই জাম্প নয়, পোল ভল্ট জাম্প দিতে হবে।”
বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি স্মরণ করিয়ে দেন, ২০০১ সালে দায়িত্ব নেওয়ার পর নকল প্রতিরোধ ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল। ভবিষ্যতে এসব অনিয়মের পুনরাবৃত্তি হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের করতে হবে। বিশ্বায়নের এই সময়ে পিছিয়ে থাকা কোনো শিক্ষাব্যবস্থা নিয়ে এগোনো সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, শিক্ষা এখন আর কেবল অভ্যন্তরীণ বিষয় নয়, এটি আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষেত্র। তাই ন্যানো প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে অভ্যস্ততা ও ডিজিটাল সাক্ষরতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কারিকুলাম প্রসঙ্গে তিনি জানান, সম্পূর্ণ পরিবর্তনের বদলে পাঠ্যক্রম পর্যালোচনা করা হবে। একই সঙ্গে এমপিওভুক্তির ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না বলেও দৃঢ় অবস্থান জানান শিক্ষামন্ত্রী।

