সরকার জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে বিরোধী দল ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শফিকুর রহমান। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে অবমূল্যায়ন করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মিরপুরের ৬০ ফিট এলাকায় মনিপুর স্কুলের সামনে আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমীর।
তিনি জানান, প্রতিদিন ফজরের নামাজের পর আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। মিরপুর ও কাফরুলকে আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
এ উদ্যোগ সফল করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থায়ন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন জামায়াত আমীর। পাশাপাশি তিনি বলেন, ঢাকায় অবস্থান করলে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন, আর ঢাকার বাইরে থাকলেও একই কার্যক্রম চালিয়ে যাবেন।

