নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জ-এর সিংগাইর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আহ্বায়ক মফতেজুর রহমান খান বিবেক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল ছালেক, সমবায় কর্মকর্তা লিপিকা রাণী এবং ‘নয়াদিগন্ত’-এর সংবাদদাতা মো. সোহরাব হোসেন।
সভায় পৌর সদরে অটোরিকশা ও হ্যালো বাইকের লাইসেন্স ব্যবস্থা চালু, পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং জোরদার, পৌর বাজারে ফুটপাত উচ্ছেদ, ফসলি জমি থেকে অবৈধ মাটিকাটা বন্ধে অভিযান পরিচালনা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে টহল টিম গঠন এবং সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এর আগে, দুপুর সাড়ে ১২টায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

