সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপাতত শপথ গ্রহণ করবেন না বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবন-এ শপথ শুরুর আগে এ ঘোষণা দেন কক্সবাজার–১ আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ।
দুটি আলাদা ফরম প্রদর্শন করে তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা নির্বাচিত হননি এবং বর্তমান সংবিধানে এ ধরনের কোনো বিধানও অন্তর্ভুক্ত নেই। গণভোটের রায়ের ভিত্তিতে যদি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়, তবে আগে সেটিকে সংবিধানে সন্নিবেশ করতে হবে। পাশাপাশি কে এ পরিষদের সদস্যদের শপথ পড়াবেন, সে বিষয়েও স্পষ্ট সাংবিধানিক বিধান থাকা প্রয়োজন।
তিনি আরও জানান, এ ধরনের ফরম সংবিধানের তৃতীয় তফসিলে যুক্ত করতে হবে এবং তা সংসদে গৃহীত হওয়ার পরই পরিষদের সদস্যদের শপথের বিধান কার্যকর করা যেতে পারে। “আমরা সংবিধান মেনেই চলেছি, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখব,” বলেন তিনি।
দলীয় সিদ্ধান্ত প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, চেয়ারম্যানের নির্দেশনা ও উপস্থিতিতেই এ অবস্থান জানানো হয়েছে।
এরপর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

