জামায়াতের পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেও নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দলটির ছয়জন নবনির্বাচিত এমপি সংসদ সদস্য হিসেবে শপথ নাও নিতে পারেন—এমন আলোচনা চলছে দলীয় পর্যায়ে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার দুপুর ১২টায় এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের সময় নির্ধারিত রয়েছে। শপথ অনুষ্ঠানে অংশ নিতে তাঁদের ছয়জনই জাতীয় সংসদ ভবন-এর উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
দলীয় সূত্র জানায়, বিএনপির বিজয়ী এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত জানানোর পর এনসিপির মধ্যেও এ বিষয়ে পুনর্বিবেচনা শুরু হয়। সে প্রেক্ষাপটে দলটির নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ থেকে বিরত থাকতে পারেন—এমন সম্ভাবনার কথা আলোচনায় এসেছে।
নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত এনসিপির এমপি আব্দুল্লাহ আল আমিন বেলা ১১টার দিকে গণমাধ্যমকে বলেন, “বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় আমরাও শপথ না নেওয়ার বিষয়টি ভাবছি। তবে এখনই চূড়ান্ত কিছু বলতে চাই না।”
এনসিপির চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

