ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবন-এর শপথ কক্ষে তাদের শপথ অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। শপথ উপলক্ষে সকাল ৯টার পর থেকেই নির্বাচিত এমপিদের সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায়। বাইরে সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
শপথকে কেন্দ্র করে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়া হবে কি না—এ নিয়ে আলোচনা ছিল। তবে সংবিধানের বিধান উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না।
শপথ অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭টির ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফল অনুযায়ী বিএনপি ও তাদের শরিকরা ২১২টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন।
বিএনপি ও তাদের মিত্রদের শপথ শেষে দ্বিতীয় ধাপে ১১ দলীয় জোটের বিজয়ীরা শপথ নেবেন। এ উপলক্ষে তাদেরও সংসদ ভবনে আসতে দেখা গেছে। ইতোমধ্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সেখানে উপস্থিত হয়েছেন।

