ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের নির্ধারিত কক্ষে তাদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইতোমধ্যে নবনির্বাচিত এমপিরা সংসদ ভবন এলাকায় উপস্থিত হতে শুরু করেছেন।
সকাল থেকেই সংসদ ভবন চত্বরে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন। শপথ অনুষ্ঠান ঘিরে এলাকায় উৎসবের আমেজ দেখা গেছে। বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রিয় প্রার্থীদের অভিনন্দন জানাতে সংসদ ভবনের বাইরে জড়ো হন।
নবনির্বাচিত কয়েকজন এমপি জানান, এবারের সংসদ জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে। তারা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। দেশের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার প্রত্যয়ও জানান তারা।
জানা গেছে, শপথ অনুষ্ঠান কয়েকটি ধাপে সম্পন্ন হবে। রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের আলাদাভাবে শপথ পড়ানো হবে এবং পরে তারা শপথ বইয়ে স্বাক্ষর করবেন। অনুষ্ঠানে কোনো অতিথি উপস্থিত থাকবেন না।
এদিকে বিকেলে একই স্থানে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রচলিতভাবে মন্ত্রিসভার শপথ বঙ্গভবন-এ অনুষ্ঠিত হলেও এবার তা সংসদ ভবনেই আয়োজন করা হচ্ছে।

