পবিত্র রমজান মাসের সূচনা উপলক্ষে বিশ্ববাসীর প্রতি শান্তি, সহমর্মিতা ও সংহতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
এক বার্তায় তিনি বলেন, রমজান বিশ্বজুড়ে মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, আত্মচিন্তা ও প্রার্থনার পবিত্র সময়। এ মাস আশা, সংযম ও শান্তির মহান আদর্শ ধারণ করে।
তবে তিনি উল্লেখ করেন, বিশ্বের বহু মানুষের কাছে সেই আশা এখনও অধরা। আফগানিস্তান, ইয়েমেন, গাজা, সুদানসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত, ক্ষুধা, বাস্তুচ্যুতি ও বৈষম্যের কারণে অসংখ্য মানুষ দুর্ভোগে দিন কাটাচ্ছে।
এ প্রেক্ষাপটে বিভেদ দূর করে কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানো, তাদের কাছে সহায়তা ও আশার বার্তা পৌঁছে দেওয়া এবং সবার অধিকার ও মর্যাদা রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এই কঠিন ও বিভক্ত সময়ে রমজানের চিরন্তন শিক্ষা স্মরণ করারও তাগিদ দেন মহাসচিব।
তিনি আরও বলেন, প্রতিবছর সংহতির প্রতীক হিসেবে তিনি কোনো একটি মুসলিম সম্প্রদায়ের সঙ্গে ইফতার ও রোজায় অংশ নেন এবং রমজানের শান্তি ও সহমর্মিতার চেতনা থেকে অনুপ্রেরণা গ্রহণ করেন।
মহাসচিব আশা প্রকাশ করেন, রমজান সবাইকে একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করবে, যাতে বিশ্ব আরও শান্তিপূর্ণ, মানবিক ও ন্যায়ভিত্তিক হয়ে ওঠে।

