ঢাকা-৮ আসনে ভোটের ফলাফলে অনিয়ম ঘটেছে দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী সোমবার (১৫ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। আবেদনে তিনি ভোট পুনঃগণনার পর চূড়ান্ত ফলাফল ঘোষণা এবং শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত রাখার অনুরোধ করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও তার নেতা-কর্মী, ভোট এজেন্ট এবং পরিবারের সদস্যরা ভোট কারচুপি, প্রভাব বিস্তার ও ফলাফল আটকে রাখাসহ নানা অনিয়ম করেছেন। অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইজিং অফিসার এবং আসনের রিটার্নিং অফিসারও নির্বাচনী অনিয়মে জড়িয়ে পড়ে এবং পাটওয়ারীকে বিজয়ী ঘোষণা না করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন।
আবেদনে নির্বাচন আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ইসিকে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কিছু কেন্দ্রের নাম উল্লেখ করে সেখানে সংঘটিত অনিয়মের বিবরণও অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, বেসরকারি ফলাফলে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ৫৯,৩৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪,১২৭ ভোট।

