ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসংক্রান্ত গণভোট শান্তিপূর্ণ ও শৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ভোটগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা ভোটারদের সক্রিয় অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা, প্রার্থীদের সংযম এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, এসব সম্মিলিত প্রচেষ্টাই দেশের গণতান্ত্রিক অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও তিনি মন্তব্য করেন।
ড. ইউনূস নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ ধন্যবাদ জানান। তাদের নিষ্ঠা ও পরিশ্রমে বিশাল এ গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক মূল্যবোধ, সহনশীলতা ও পারস্পরিক সম্মান বজায় থাকে। মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, এই নির্বাচন দেশের জন্য এক আনন্দঘন অধ্যায় এবং এর মধ্য দিয়ে নতুন সম্ভাবনার সূচনা হয়েছে। ভবিষ্যতেও এমন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকলে দেশের গণতন্ত্র আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। বর্তমানে ভোট গণনার কার্যক্রম চলছে।

