ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা ও অনিয়মের অভিযোগ এনেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি দাবি করেছে, ভোটের দিন প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের প্রবেশে বাধা এবং জাল ভোট দেওয়ার মতো অন্তত ২১ ধরনের অনিয়ম সংঘটিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন।
তিনি বলেন, নির্বাচনকে ঘিরে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রশাসনের দায়িত্ব। কোনো ধরনের কারচুপি করে নির্দিষ্ট দলের পক্ষে ফলাফল প্রভাবিত করার চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে, আজ দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত রয়েছে। এবারের নির্বাচনে নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

