কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন, যার প্রতীক ছিল ট্রাক। একই আসনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ফেসবুক লাইভে এসে জসিম উদ্দিন ভোট বর্জনের সিদ্ধান্তের কথা জানান।
লাইভে তিনি অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং তার সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। অনেক কর্মীকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি, ভোটারদের ভয়ভীতি দেখানো এবং বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগও তোলেন এই প্রার্থী।
তিনি আরও বলেন, অর্থের বিনিময়ে ভোট কেনাবেচা হয়েছে এবং কিছু স্থানে নিজেদের মধ্যে ভোট ভাগাভাগির ঘটনাও ঘটেছে।
এমন পরিস্থিতিতে সুষ্ঠু পরিবেশ না থাকায় এবং ভোটারদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
উল্লেখ্য, এর আগে ঋণখেলাপির অভিযোগে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হয়। ফলে দলটি সরাসরি প্রার্থী না দিয়ে জোটগতভাবে ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেয়। পরে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও তার পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেন।

