সাইফুল ইসলাম তানভীর: মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর- সদর উপজেলার দুই ইউনিয়ন) আসনে ভোটগ্রহণ চলাকালে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়, যখন ৯৫ বছর বয়সী বৃদ্ধ মোঃ বাহাদুর (৯৫) আনসার সদস্যদের সহায়তায় ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তার ভোটাধিকার প্রয়োগ করেন। বয়সের ভারে ন্যুব্জ শরীর, চলাফেরায় সীমাবদ্ধতা—তবুও গণতান্ত্রিক অধিকার থেকে নিজেকে বিরত রাখেননি তিনি। বৃদ্ধ বাহাদুর সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর (লাঙ্গুলিয়া) গ্রামের মৃত হাকিম আলীর ছেলে।
সরজমিনে দেখা যায়,বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে ধল্লা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের খাসেরচর মাদ্রাসা সেন্টারে পরিবারের সদস্যদের সহায়তায় তিনি কেন্দ্রে আসেন। পরে দায়িত্বরত আনসার সদস্যের সহায়তায় ভোট কেন্দ্রের ভোট কক্ষে প্রবেশ করে নিরাপদে ভোট প্রদান করেন। ভোট দিয়ে বেরিয়ে আসার সময় বৃদ্ধ বাহাদুরের চোখে ছিল তৃপ্তির হাসি। তিনি বলেন, “বাবা, যতদিন বাঁচি, ভোটটা আমি নিজেই দিতে চাই। এই দেশটা আমরা অনেক কষ্টে পাইছি। ভোট দেওয়াটা আমার কাছে ইবাদতের মতো।”
এ বিষয়ে ভোট দিতে আশা মোঃ হায়দার বলেন, “এই দৃশ্য আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। ৯৫ বছর বয়সেও একজন বয়োঃবৃদ্ধ মুরব্বি যখন ভোট দিতে কেন্দ্রে আসেন, তখন বুঝতে হবে গণতন্ত্র এখনও মানুষের হৃদয়ে বেঁচে আছে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ শফিকুর রহমান বলেন, এই কেন্দ্রে নারী পুরুষসহ বয়োবৃদ্ধরা যাতে নির্বিঘ্নে তাদের ভোট প্রদান করতে পারে আমরা বিষয়ে সে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেন কোনো ভোটার বয়স বা শারীরিক সীমাবদ্ধতার কারণে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন সে বিষয়ে আমরা সর্বদাই সতর্কতা সঙ্গে দায়িত্বরতদের নিয়োজিত রেখেছি। আজকের এই ঘটনা প্রমাণ করে—ভোট শুধু একটি অধিকার নয়, এটি দায়িত্ব ও দেশের প্রতি ভালোবাসার প্রকাশ।”
কেন্দ্রে উপস্থিত সাধারণ ভোটাররাও বৃদ্ধার এই উপস্থিতিকে সাধুবাদ জানান। অনেকেই বলেন, তার এই উদ্দীপনা নতুন প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
মানিকগঞ্জ-২ আসনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।

