ডেস্ক রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের কেন্দ্রে আনার জন্য কোনো ধরনের যানবাহন ব্যবহার করা যাবে না বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো প্রার্থী, তাঁর নির্বাচনি এজেন্ট কিংবা সমর্থক এ কাজে গাড়ি বা অন্য কোনো পরিবহন সুবিধা দিতে পারবেন না।
ইসির উপ-সচিব মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে রিটার্নিং অফিসারদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পরিপত্রে উল্লেখ করা হয়, আচরণ বিধিমালা যেন কোনোভাবেই লঙ্ঘিত না হয় এবং ভোটারদের প্রভাবিত করার মতো কার্যক্রম যেন পরিচালিত না হয়—তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের। আইনভঙ্গের প্রমাণ মিললে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রার্থী বা তাঁর সমর্থকেরা নির্বাচনি ক্যাম্প স্থাপন করতে পারবেন না। কেন্দ্রের আশপাশে থাকা পোস্টার, লিফলেট, হ্যান্ডবিলসহ সব ধরনের প্রচারসামগ্রী ভোটগ্রহণ শুরুর আগেই অপসারণ করতে হবে।
ব্যালট ব্যবস্থাপনাতেও কঠোরতা আরোপ করেছে ইসি। প্রতিটি ভোটকক্ষে শুধুমাত্র স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। জেলা পর্যায়ে ইতোমধ্যে কেন্দ্রভিত্তিক ব্যালট বাক্স পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতিটি ভোটকক্ষে একটি করে ব্যালট বাক্স থাকবে এবং প্রতিটি কেন্দ্রের জন্য অতিরিক্ত একটি বাক্স সংরক্ষিত থাকবে। তবে কোনো ভোটকক্ষে একাধিক ব্যালট বাক্স ব্যবহার করা যাবে না।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

