নিজস্ব প্রতিনিধি,মানিকগঞ্জ :
ভোট জয়ের স্বপ্ন নয়, ক্ষমতার মোহ নয়—শুধু নিজের ভোটটি নিজে দেওয়ার আনন্দই যার রাজনীতি। এমনই এক ব্যতিক্রমী মানুষ মানিকগঞ্জ–১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আবদুল আলী বেপারী। বড় দল, শোডাউন কিংবা কর্মীসমাবেশ ছাড়াই হাতে কয়েকটি লিফলেট আর বুকভরা সাহস নিয়ে তিনি নেমেছেন ভোটের মাঠে। আর এই সাদামাটা প্রচারণাই তাঁকে করে তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমের ভাইরাল চরিত্র।
ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার পাড়া-মহল্লা, হাটবাজার আর চায়ের দোকানে একাই ঘুরে বেড়াচ্ছেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে গল্প করছেন, কুশল বিনিময় করছেন। তাঁর সহজ ভাষা, নির্ভেজাল ভাবনা আর জীবনদর্শন মোবাইলের ক্যামেরায় বন্দি হতে না হতেই ছড়িয়ে পড়ছে ইউটিউব, ফেসবুক ও টিকটকে। কনটেন্ট ক্রিয়েটরদের কাছে এখন আবদুল আলী বেপারী যেন এক জীবন্ত মানবিক গল্প।
প্রতিদিনই একাধিক ইউটিউবার তাঁর সাক্ষাৎকার নিতে হাজির হচ্ছেন। একের পর এক ভিডিও ভাইরাল হওয়ায় কিছুটা ক্লান্তিও ভর করেছে তাঁর কণ্ঠে। তবুও হাসিমুখে বলেন,
“মানুষ যদি কথা শুনতে চায়, সেটাই তো বড় পাওয়া।”
নির্বাচনের শুরুতে আইনি জটিলতাও থামাতে পারেনি এই মানুষটিকে। প্রথমে রিটার্নিং অফিসার তাঁর মনোনয়নপত্র বাতিল করলে হাইকোর্টে রিট করেন তিনি। আপিল শেষে মনোনয়ন বৈধ ঘোষিত হলে ফের মাঠে নামার সুযোগ পান। প্রতীক বাছাইয়েও বিড়ম্বনার শিকার হন। ‘হাতি’ প্রতীক চাইলেও নিবন্ধিত রাজনৈতিক দলের হওয়ায় না পেয়ে শেষ পর্যন্ত ‘হরিণ’ প্রতীক বেছে নেন—যা এখন তাঁর আলাদা পরিচয় হয়ে উঠেছে।
স্থানীয় ভোটারদের চোখে আবদুল আলী বেপারী একজন একেবারে সাধারণ মানুষ।
ভোটার কাউসার বলেন,
“কথাবার্তায় কোনো ভেজাল নেই। একেবারে সাদা মনের মানুষ।”
আরেক ভোটার মো. সবুজ মিয়া বলেন,“বড় বড় রাজনৈতিক অভিনয় নেই—এই সহজ-সরলতাই মানুষকে টানছে।”
নিজের রাজনীতি নিয়ে স্পষ্ট আবদুল আলী বেপারীর বক্তব্য,“আমি জিততে আসিনি। নিজের ভোটটা নিজে দিতে পারলেই শান্তি পাই। ক্ষমতা আমার লক্ষ্য না। নির্বাচনের মাঠেই আমি আনন্দ খুঁজে পাই।”
এর আগেও তিনি তিনবার সিংজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জয় না পেলেও থেমে যাননি। অতীতে দু’বার সংসদ সদস্য পদে মনোনয়ন সংগ্রহ করেও মনোনয়ন বাতিল হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারেননি। তবুও নেই কোনো হতাশা। “ফেল করারও একটা মজা আছে। সুখ-দুঃখ মিলিয়েই মানুষের পাশে থাকা যায়,”—হাসতে হাসতে বলেন তিনি।
একাকী হলেও সততা, ধৈর্য আর অদম্য মনোবলের শক্তিতে মানিকগঞ্জ–১ আসনের ভোটের মাঠে নিজের মতো করেই এগিয়ে চলেছেন আবদুল আলী বেপারী। তাঁর এই ব্যতিক্রমী রাজনৈতিক যাত্রা এখন শুধু ভোটারদের নয়, ক্যামেরার ফ্রেমে বন্দি হয়ে উঠছে এক মানবিক গল্প হিসেবে—যেখানে জয় নয়, অংশগ্রহণই আসল।

