চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতায় শ্রমিক ও কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নেমেছেন। এর ফলে রোববার সকাল থেকে বন্দরের ভেতরে সব ধরনের পণ্য ওঠানামা ও জাহাজ পরিচালনার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এই কর্মসূচি কার্যকর হয়। আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নেতারা অভিযোগ করেছেন, ধর্মঘট ভেস্তে দিতে কয়েকজন শ্রমিককে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে।
একই দাবিতে এর আগেও শ্রমিক-কর্মচারীরা টানা ছয় দিন কর্মবিরতি পালন করেন। পরে নৌ পরিবহন উপদেষ্টার আশ্বাসে সাময়িকভাবে শুক্রবার ও শনিবার কাজ শুরু হলেও দাবি পূরণ না হওয়ায় রোববার থেকে ফের কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন তারা।
টানা আন্দোলনের কারণে বন্দরে কনটেইনার জট ও জাহাজ অপেক্ষমাণ থাকার সংখ্যা বাড়ছে। খালাস কার্যক্রম বন্ধ থাকায় আমদানি-রপ্তানির সঙ্গে জড়িত ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।
শ্রমিকদের প্রধান দাবির মধ্যে রয়েছে—নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়ার সুস্পষ্ট ঘোষণা, চলমান সংকটের জন্য দায়ী বন্দর চেয়ারম্যানকে অপসারণ, আন্দোলনে অংশ নেওয়া কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া সব শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা বা আইনি পদক্ষেপ না নেওয়া।

