নিজস্ব প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে দক্ষিণ ভাকুম জনকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত যোবেদা রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দক্ষিণ ভাকুম গ্রামের মোল্লাবাড়িতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মা- বাবার দোয়া জুয়েলার্স সিংগাইর স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মোঃ আল-আমিনের সঞ্চালনায় এবং গোলাম মাওলার সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওষুধ শিল্পের সহযোগী প্রতিষ্ঠান দি প্লাস্টিসিটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী মোঃ মোসলেম উদ্দিন খান সেলিম।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মরহুমা যোবেদা রহমানের স্বামী মোহাম্মদ কুদ্দুসুর রহমান। এছাড়া ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) গোলাম মোস্তফাসহ আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় টস পরিচালনা করেন কমলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন বিশ্বাস এবং জয়মন্টপ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ ইলিয়াস হোসেন।
খেলা পরিচালনার মূল দায়িত্ব পালন করেন সুব্রত কুমার নিক্কন। ধারাভাষ্য প্রদান করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ মোজাফফর হোসেন জিকু।
উল্লেখ্য, আটটি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে গ্রুপ পর্বের খেলা শেষে মা–বাবার দোয়া জুয়েলার্স ও সিংগাইর স্টার ফাইনালে ওঠে। রাত ১ টার দিকে খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

