রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে তালিকাভুক্ত হত্যা মামলার পলাতক প্রধান আসামি শাওনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর বসিলা ক্যাম্প সূত্র জানায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের শোনা মিয়ার টেক ও চাঁদ উদ্যান এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা হত্যা মামলার প্রধান আসামি শাওন (২৩) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। শাওনের বিরুদ্ধে গত বছর প্রকাশ্য দিবালোকে সংঘটিত এক হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।
শাওনের সঙ্গে গ্রেপ্তার অপর চারজন হলেন—আনোয়ার (২৫), শাকিল (২৩), শুভ (২০) ও বেলাল (৩৬)।
আটককৃতদের কাছ থেকে ৮টি পেট্রোল বোমা, ৫ রাউন্ড শটগানের গুলি, ১টি চাইনিজ ছুরি, ৮টি সামুরাই, ৫টি চাপাতি, ১টি রামদা, ৬১টি ইয়াবা ট্যাবলেট, ৩৫ গ্রাম ইয়াবা, ৪৭৫ গ্রাম গাঁজা, ৬০ পুরিয়া গাঁজা, ৪টি মোবাইল ফোন, ৫৮টি বিদেশি কয়েন এবং মাদক পরিমাপের জন্য ব্যবহৃত ১টি ওজন মেশিন জব্দ করা হয়েছে।
এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, শাওন গত বছর প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তারে গত বছর একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও সফলতা আসেনি। অবশেষে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও পরিকল্পনার ভিত্তিতে বুধবার রাতের অভিযানে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

