ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এই সিদ্ধান্তকে ‘উপযুক্ত ও সাহসী’ বলে উল্লেখ করেছেন তিনি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ক্রীড়া উপদেষ্টা এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পোস্টে আসিফ নজরুল লেখেন, “ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভার সদস্যদের তিনি জানিয়েছেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি এবং বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করি। এটি একটি অত্যন্ত উপযুক্ত সিদ্ধান্ত।”
এর আগে গত রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান সরকার টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণের অনুমোদন দিয়েছে। তবে একই সঙ্গে ঘোষণা দেওয়া হয়, আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।
পাকিস্তানের এই ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, ক্রীড়াক্ষেত্রে রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে এই অবস্থান।

