ডেস্ক রিপোর্ট: ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলের দিকে তার ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে একটি অপ্রত্যাশিত ও বিতর্কিত পোস্ট নজরে আসে।
এ বিষয়ে শনিবার রাতেই জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই দলের সাইবার টিম অ্যাকাউন্ট উদ্ধারে কাজ শুরু করে। তার ভাষ্য অনুযায়ী, বিকেল ৫টার কিছু সময় পর অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা সম্ভব হয় এবং অনাকাঙ্ক্ষিত পোস্টটি দ্রুত মুছে ফেলা হয়।
তবে তিনি অভিযোগ করেন, পোস্টটিকে কেন্দ্র করে বিভিন্ন মহলে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। এসব বিভ্রান্তিকর প্রচার ঠেকাতে প্রশাসনের সহায়তা চেয়ে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।
সিরাজুল ইসলাম আরও বলেন, নারীদের অবমাননাকর যে বক্তব্যটি পোস্ট করা হয়েছিল, তা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত অবস্থান ও রাজনৈতিক বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। তার দাবি, দলের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও জনসমর্থনে ঈর্ষান্বিত একটি মহল পরিকল্পিতভাবে এ ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

