দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই ও নির্বাসিত সময় পেরিয়ে প্রায় দুই দশক পর নিজ জেলা বগুড়ায় নির্বাচনী জনসভায় অংশ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ‘ঘরের ছেলে’ ফিরে আসছেন—এই খবরে বগুড়াবাসীর মধ্যে দেখা দিয়েছে উৎসবের আবহ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান।
এর আগে সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তিনি তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সঙ্গে বগুড়ায় এসেছিলেন। তার রাজনৈতিক পথচলা শুরু হয় ১৯৮৮ সালে, যখন তিনি গাবতলী উপজেলা বিএনপির একজন সাধারণ সদস্য হিসেবে যুক্ত হন। বর্তমানে তিনি দলটির সর্বোচ্চ নেতৃত্বে রয়েছেন।
দীর্ঘ প্রায় ২০ বছর পর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বগুড়া শহরজুড়ে সাজ সাজ রব চলছে। সকাল থেকেই ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে নেতাকর্মী এবং সাধারণ মানুষ জনসভাস্থলে জড়ো হতে শুরু করেছেন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায়। রাজনৈতিকভাবে বগুড়াকে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। এই প্রথমবারের মতো তারেক রহমান নিজ জেলার একটি আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।
আজকের জনসভা থেকে তিনি নিজের পাশাপাশি বগুড়ার অন্য ছয়টি আসনের বিএনপি প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন এবং ভোট প্রার্থনা করবেন বলে জানা গেছে।
জনসভা শেষে তিনি রাতটি বগুড়াতেই কাটাবেন। দলীয় সূত্র জানায়, শুক্রবার তিনি রংপুর সফরে যাবেন এবং সেখান থেকে ফিরে আবার বগুড়ায় অবস্থান করবেন। এরপর শনিবার ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, জনসভা ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তার প্রত্যাশা, আজকের এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।

