জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে নানা মতপার্থক্য থাকলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের আগের কোনো নির্বাচনের সঙ্গে তুলনীয় নয়—এ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়াই দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
আলী রিয়াজ বলেন, অতীতে রাষ্ট্র সংস্কারের জন্য একাধিকবার গণতান্ত্রিক সুযোগ তৈরি হলেও রাজনৈতিক দলগুলোর ভূমিকার ঘাটতির কারণে দেশে গণতন্ত্রের স্থায়ী ভিত্তি গড়ে ওঠেনি। তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক পরিবর্তনের প্রশ্নে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা সীমিত; প্রকৃত পরিবর্তন আনতে রাজনৈতিক দলগুলোকেই মূল দায়িত্ব নিতে হবে।
গোলটেবিল বৈঠকে জামায়াতে ইসলামীর মুখপাত্র অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীরা ছাড়া কেউই রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা অস্বীকার করছে না। তিনি দাবি করেন, সারাদেশে জামায়াতের নারী নেতাকর্মীদের ওপর যেসব হামলার ঘটনা ঘটছে, সেগুলোর সঙ্গে চাঁদাবাজদের সহযোগীরা জড়িত রয়েছে।

