নির্বাচনী কর্মকাণ্ড চলাকালে সারাদেশে জামায়াতের মহিলা বিভাগের নেতাকর্মীদের ওপর হেনস্তা, হামলা ও বাধা দেওয়ার অভিযোগ তুলে আগামী ৩১ জানুয়ারি ঢাকায় নারী সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগের ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি জানান, ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে। তাঁর ভাষায়, এটাই প্রথমবার যখন নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে সমাবেশে অংশ নিতে যাচ্ছেন।
ডা. তাহের আরও বলেন, এ কর্মসূচির পরও যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে জামায়াত এবং ১১ দলীয় জোটের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নারী কর্মীদের লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। তাঁর দাবি, বিরোধীরা আশঙ্কা করছে যে নারীরা জামায়াতকে ভোট দিতে পারে বলেই এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। নারী অধিকার নিয়ে যারা বেশি কথা বলে, তারাই নারীদের হেনস্তা করছে বলেও অভিযোগ করেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে শুধু সরকার নয়, সব রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। জোরপূর্বক ক্ষমতা দখলের চেষ্টা করলে তার ফলাফল ভালো হবে না বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা।

