লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির বাস্তবতা নিয়ে নির্মিত রাজনৈতিক স্যাটায়ার চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরে প্রদর্শিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে নির্মাতা আকাশ হক জানান, সিনেমাটি শুধুমাত্র ছাত্ররাজনীতির গল্প নয়, বরং তৃতীয় বিশ্বের সমাজে উচ্চাকাঙ্ক্ষা ও স্বপ্নের বাজারব্যবস্থার চিত্র তুলে ধরে। তরুণদের স্বপ্ন দেখার প্রক্রিয়া এবং সেই স্বপ্নকে ক্ষমতার কাছে বাজি রাখতে বাধ্য হওয়া বিষয়গুলোও এতে ফুটে উঠেছে।
বি টিম প্রযোজনা, এইচ অ্যান্ড এম প্রডাকশন ও মাল্টিমিডিয়া পরিবেশিত সিনেমার নির্বাহী প্রযোজক হাফিজউদ্দিন মুন্না জানিয়েছেন, উৎসব প্রদর্শনের পর শিগগিরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
চলচ্চিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, মেহেদী হাসান সোহান, চয়ন মন্ডল, আবু সায়ীদ, ইফাদ হাসান এবং এস এ জীবন। বিশেষ চরিত্রে রয়েছেন সাহিত্যিক ও কবি আক্তারুজ্জামান আজাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফারহানা ফারহা বলেন, “এটি বিশ্ববিদ্যালয়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত এক ব্যতিক্রমধর্মী স্যাটায়ার। সিনেমার টাইটেল ট্র্যাক ‘সহমত ভাই’ দর্শকদের নজর কাড়ছে।”
অভিনেতা ববি বিশ্বাস জানান, ১৪২ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্র শুধুই বিনোদন নয়, বরং পরিচিত বাস্তবতাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সাহসী প্রয়াস। গল্প রনো আনোয়ারের ‘ঝরা পাতার দুঃখ’ ছোটগল্প থেকে অনুপ্রাণিত। পরিচালক নিজেই চিত্রনাট্য ও দৃশ্যায়নের দায়িত্বে ছিলেন। সঙ্গীত পরিচালনা করেছেন রিসাল খন্দকার, শুভ্র রাহা ও তাবিব মাহমুদ। পোস্ট প্রডাকশনের সুপারভাইজার ছিলেন তরীকুল সৈকত।

