বাংলাদেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নতুন তিনটি স্মার্টফোন উন্মোচন করেছে শাওমি বাংলাদেশ। রেডমি ১৫ সিরিজের এই ফোনগুলো হলো—‘রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি’, ‘রেডমি নোট ১৫ ফাইভজি’ এবং ‘রেডমি নোট ১৫ ফোরজি’। উন্নত এআই ইঞ্জিন প্রযুক্তির কারণে ফোনগুলো দিয়ে স্বয়ংক্রিয়ভাবে উন্নতমানের ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি মডেলটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং শক্তিশালী ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এতে ১০০ ওয়াট হাইপার চার্জিং সুবিধা থাকায় মাত্র ৪০ মিনিটেই ফোনটি সম্পূর্ণ চার্জ করা যায়। পাশাপাশি ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় প্রয়োজনে এটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে।
ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের আলট্রা ক্লিয়ার ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফলে ছবি ও ভিডিও ধারণে পাওয়া যাবে উন্নত মানের অভিজ্ঞতা। চতুর্থ প্রজন্মের কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে চালিত এই ফোনে রয়েছে ১২ গিগাবাইট র্যাম ও ৫১২ গিগাবাইট স্টোরেজ। বাংলাদেশে এর দাম নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার ৯৯৯ টাকা।
অন্যদিকে, রেডমি নোট ১৫ ফাইভজি ও রেডমি নোট ১৫ ফোরজি মডেলের ফোনগুলোতে যথাক্রমে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ১০৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ৬.৭৭ ইঞ্চি ডিসপ্লের এই ফোনগুলোতে রয়েছে ৫,৫২০ ও ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সঙ্গে ফাস্ট চার্জিং সুবিধা।
আইপি৬৪ ও আইপি৬৫ মানের ওয়াটার রেজিস্ট্যান্স থাকায় হালকা পানি বা ছিটেফোঁটায় ফোনগুলোর ক্ষতি হবে না। মডেলভেদে ফোনগুলোতে ৬ ও ৮ গিগাবাইট র্যাম এবং ১২৮ ও ২৫৬ গিগাবাইট স্টোরেজ অপশন পাওয়া যাবে। রেডমি নোট ১৫ ফোরজি মডেলের দাম রাখা হয়েছে ২৬ হাজার ৯৯৯ টাকা এবং রেডমি নোট ১৫ ফাইভজি মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ২৯ হাজার ৯৯৯ টাকা।

