জনপ্রিয় ব্যান্ড ‘সোনার বাংলা সার্কাস’ তাদের বহু প্রতীক্ষিত দ্বিতীয় অ্যালবাম ‘মহাশ্মশান’ প্রকাশ করেছে। এটি একটি কনসেপ্ট অ্যালবাম, যেখানে মোট ১৭টি গান রয়েছে।
ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যালবামটি দুটি অংশে বিভক্ত। প্রথম অংশ ‘মহাশ্মশান ১’-এ ৯টি গান এবং দ্বিতীয় অংশ ‘মহাশ্মশান ২’-এ ৮টি গান স্থান পেয়েছে। স্পটিফাইসহ অন্যান্য আন্তর্জাতিক ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানগুলো এখন উপলব্ধ।
নতুন অ্যালবামের বিষয়বস্তু সম্পর্কে ‘সোনার বাংলা সার্কাস’-এর ভোকালিস্ট ও লিরিসিস্ট প্রবর রিপন বলেন, “আমাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’-এ ‘এপিটাফ’ গানের মাধ্যমে আমাদের মূল চরিত্রটির মৃত্যু হয়েছিল। ‘মহাশ্মশান’ হলো সেই চরিত্রের পুনরুত্থান। এবার আমাদের চরিত্রের নাম ‘দ্রোহ’। এই অ্যালবামেও সে মারা যায়, তবে সম্ভবত পরবর্তী অ্যালবামে তার আবার পুনর্জন্ম হবে। দ্রোহ এবার মানুষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এটি মূলত মানুষের প্রতি প্রতিশোধের গল্প। পুরো গল্পটি বুঝতে হলে ১ ঘণ্টা ৫২ মিনিটের অ্যালবামটি একটানা শুনতে হবে।”
২০১৮ সালে যাত্রা শুরু করা ‘সোনার বাংলা সার্কাস’ তাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’ ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি প্রকাশ করেছিল। ‘এপিটাফ’, ‘অন্ধ দেয়াল’, ‘মৃত্যু উৎপাদন কারখানা’-এর মতো গানের জন্য সাইকেডেলিক এই ব্যান্ডটি তরুণ শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যান্ডটি আরও জানায়, আগামী দুই মাস পর ‘মহাশ্মশান’ অ্যালবামের একক কনসার্ট ‘মহাশ্মশানের যাত্রা’ শুরু হবে। এই কনসার্টেই ভক্তরা নতুন অ্যালবামের সব গান লাইভ উপভোগ করতে পারবেন।

