ডেস্ক রিপোর্ট:
অস্বাভাবিক মূল্য বৃদ্ধির মধ্যেই এবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ ভোক্তারা।
খুচরা পর্যায়ে কোনো দোকানেই গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। হোটেল ও রেস্তোরাঁগুলো কোনোভাবে বিকল্প জ্বালানি ব্যবহার করে রান্নার কাজ চালিয়ে গেলেও, অনেক বাসাবাড়িতে চুলা জ্বলছে না। এতে একপ্রকার জিম্মি হয়ে পড়েছেন ভোক্তারা।
সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নিয়মিত যেসব দোকান থেকে ভোক্তারা সিলিন্ডার কিনে থাকেন, সেখানে কোনো গ্যাস নেই। দোকানিরা জানিয়েছেন, ডিস্ট্রিবিউটররা সিলিন্ডার সরবরাহ বন্ধ রাখায় তারা বিক্রি করতে পারছেন না। ফলে ক্রেতাদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন।
এদিকে, এলপিজি পরিস্থিতি নিয়ে আজ বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে ব্যবসায়ী সমিতির নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে, বুধবার (৭ জানুয়ারি) কমিশনের মূল্য বৃদ্ধি, জরিমানা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ব্যবসায়ী সংগঠনটি। এ সংক্রান্ত একটি নোটিশে সারাদেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই সরকার নির্ধারিত ১ হাজার ৩০৭ টাকার চেয়ে কয়েকশ টাকা বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।

