ডেস্ক রিপোর্ট: সাধারণ একটি প্রশ্ন প্রায়ই অনেকের মনে আসে—পিকআপ ট্রাকের পেছনের কাঠামোর বেড বা মেঝে কেন সমতল না হয়ে খাঁজকাটা বা ঢেউখেলানো নকশার হয়? অনেকেই মনে করেন, এটি হয়তো কেবল বাহ্যিক সৌন্দর্যের জন্য করা। তবে অটোমোবাইল বিশেষজ্ঞদের মতে, এই নকশার পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও ব্যবহারিক কারণ।
পিকআপ ট্রাক শত বছরেরও বেশি সময় ধরে পণ্য পরিবহনে ব্যবহৃত হলেও মেঝেতে খাঁজকাটা বা করুগেশন (corrugation) নকশা ১৯৫০-এর দশকের আগে তেমন জনপ্রিয় ছিল না। সে সময় ট্রাকের মেঝে একদম সমতল থাকত। ওই সমতল মেঝে যথেষ্ট শক্ত রাখতে অত্যন্ত পুরু ও ভারী ধাতব পাত ব্যবহার করতে হতো, ফলে ট্রাকের ওজন বেড়ে যেত এবং জ্বালানি দক্ষতাও কমে আসত।
১৯৫০-এর দশকে ফোর্ড ও শেভরোলেটের মতো প্রতিষ্ঠান প্রথম পিকআপ ট্রাকের পেছনের মেঝেতে খাঁজকাটা নকশা চালু করে। এই পরিবর্তনের ফলে তুলনামূলক হালকা ধাতু ব্যবহার করেও ট্রাকের মেঝেকে অনেক বেশি শক্ত ও টেকসই করা সম্ভব হয়।
অটোমোবাইল বিশেষজ্ঞ পল নোল ও মেকানিক ক্রিস পাইলের মতে, খাঁজকাটা নকশা মূলত ট্রাকের কাঠামোগত শক্তি ও দৃঢ়তা বহুগুণ বাড়িয়ে দেয়। একটি সমতল ধাতব পাত সহজেই চাপের মুখে বেঁকে যেতে পারে। কিন্তু সেই একই ধাতব পাত যদি ঢেউখেলানো ভাঁজে তৈরি করা হয়, তবে সেটি অনেক বেশি ওজন বহন করতে সক্ষম হয়। বিষয়টি অনেকটা কাগজে পরপর ভাঁজ দিলে যেমন শক্ত হয়ে যায়, ঠিক তেমনই।
এই খাঁজগুলো মেঝের ভেতরে এক ধরনের বিল্ট-ইন বিম হিসেবে কাজ করে। ফলে ট্রাকে ইট, পাথর বা বালুর মতো ভারী মাল তোলার সময় মেঝের ওপর যে তীব্র চাপ পড়ে, তা পুরো মেঝেতে সমানভাবে ছড়িয়ে যায়। এতে বড় ধরনের দেবে যাওয়া বা গর্ত তৈরি হওয়ার ঝুঁকি অনেক কমে যায়।
খাঁজকাটা মেঝের আরেকটি বড় সুবিধা হলো পানি নিষ্কাশন। ট্রাকের মেঝেতে পানি জমে থাকলে দ্রুত জং ধরার আশঙ্কা থাকে। ঢেউখেলানো খাঁজের কারণে বৃষ্টির পানি বা ধোয়ার পানি সহজেই নিচের দিকে বয়ে গিয়ে পেছনের গেট দিয়ে বের হয়ে যায়। এতে মেঝেতে পানি জমে থাকে না এবং জং ধরার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে।
এ ছাড়া বৃষ্টির সময় মালপত্র বহনের ক্ষেত্রে খাঁজগুলো পণ্যকে মেঝের সামান্য ওপরে রাখে, ফলে নিচ দিয়ে পানি প্রবাহিত হতে পারে। এতে মালামাল ভিজে যাওয়ার সম্ভাবনাও কমে যায়। একই সঙ্গে খাঁজকাটা মেঝেতে পণ্যের সঙ্গে সরাসরি স্পর্শের ক্ষেত্রফল কম থাকায় মাল তোলা ও নামানো তুলনামূলকভাবে সহজ হয়।
বিশেষজ্ঞদের মতে, তাই পিকআপ ট্রাকের পেছনের খাঁজকাটা মেঝে কেবল নকশাগত বিষয় নয়—বরং এটি শক্তি, নিরাপত্তা, টেকসই ব্যবহার ও কার্যকারিতার একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন।

