ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের স্মরণে ও জাতীয় বিজয় দিবস উদযাপন উপলক্ষে কানাডায় বাংলাদেশি কমিউনিটি এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে। জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর আয়োজনে অনুষ্ঠিত এ বিজয় দিবস উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শাহ আলম খোকন।
টরন্টোর বার্চমাউন্ট পার্ক কলেজিয়েট ইন্সটিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে হাজারো প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ ও প্রবীণ—সব বয়সী মানুষের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সন্ধ্যা ৬টায় বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, যা গভীর রাত পর্যন্ত চলতে থাকে। অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী শুভ্র দেব ও সামিনা চৌধুরীর সঙ্গীত পরিবেশনায় দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুমানা মালিক মুনমুন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অন্টারিও প্রোভিনসিয়াল পার্লামেন্টের সদস্য ডলি বেগম বলেন, মহান মুক্তিযুদ্ধের বিজয় শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, বরং বিশ্ব ইতিহাসেও একটি অনন্য দৃষ্টান্ত। ন্যায়বিচার, গণতন্ত্র ও আত্মমর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতির স্বাধীনতা অর্জনের এই ইতিহাস বিশ্ববাসীর জন্য অনুপ্রেরণার। প্রবাসে থেকেও বাংলাদেশি কমিউনিটির ভাষা, সংস্কৃতি ও ইতিহাস চর্চা সত্যিই প্রশংসনীয়।
উৎসবের বিভিন্ন পর্বে নৃত্য, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম এবং বিজয়ের আনন্দ তুলে ধরা হয়। দর্শকরা গভীর মনোযোগ ও আবেগের সঙ্গে পুরো আয়োজন উপভোগ করেন।
এ ছাড়া অনুষ্ঠানে চারজন বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ পদক দিয়ে সম্মানিত করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে সহযোগিতা প্রদানকারী স্পন্সরদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

