ডেস্ক রিপোর্ট: মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে দেশটিতে আরও দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন আহমেদ কামাল (৪৮) ও সেলিম উদ্দিন (৬৪)। তাঁদের দুজনেরই বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায়।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানী মালে পৃথক সময়ে এ দুটি মৃত্যুর ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় দুজনকে মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন।
বাংলাদেশ মিশন সূত্র জানায়, নিহত দুই প্রবাসীই রাজধানী মালেতে বসবাস করতেন। আহমেদ কামাল বৈধভাবে মালদ্বীপে অবস্থান করায় তাঁর মরদেহ দেশে পাঠানোর সম্পূর্ণ ব্যয় সংশ্লিষ্ট ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে। সহকর্মীদের উদ্যোগে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।
অন্যদিকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অবস্থান করা সেলিম উদ্দিনের মরদেহ প্রবাসী কল্যাণ বোর্ডের অর্থায়নে এবং দূতাবাসের সহযোগিতায় দেশে পাঠানো হয়েছে বলে জানান কল্যাণ সহকারী।
এই দুই প্রবাসীর মৃত্যুর খবরে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জানা গেছে, আহমেদ কামাল ২০০৬ সালে পরিবারের আর্থিক স্বচ্ছলতার আশায় মালদ্বীপে পাড়ি জমান। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জিলাদপুর গ্রামের বাসিন্দা ও মোহাম্মদ ইসাক মিয়ার ছেলে। মৃত্যুর আগে কয়েক দিন ধরে তিনি বুকে ব্যথায় ভুগছিলেন। ব্যথা বেড়ে গেলে সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে সেলিম উদ্দিন দীর্ঘদিন ধরে মালদ্বীপের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছিলেন। প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘুমাতে গেলে ভোরের দিকে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

