ক্রিড়া ডেস্ক: ম্যাচ কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে শাস্তির মুখে পড়েছেন ফুলহ্যামের কোচ আলভারো আরবেলোয়া। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ শেষে বিতর্কিত মন্তব্য করায় তাকে ২৫ হাজার পাউন্ড জরিমানা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
গত ২০ সেপ্টেম্বর ক্রাভেন কটেজে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয় ফুলহ্যাম। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে শেষ মুহূর্তে সমতায় ফেরে ইউনাইটেড। ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আরবেলোয়া। তার অভিযোগ, ম্যাচে রেফারির সব সিদ্ধান্তই ইউনাইটেডের পক্ষে গেছে। এমনকি ম্যানচেস্টার সিটির বিপক্ষে আগের ম্যাচের পর ইউনাইটেডকে হারতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ ঘটনায় তদন্ত শেষে স্বাধীন কমিশন জানায়, আরবেলোয়ার বক্তব্যে ম্যাচ কর্মকর্তাদের পক্ষপাতিত্বের ইঙ্গিত পাওয়া গেছে। একই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি না করতে তাকে সতর্কও করা হয়েছে।
তবে জরিমানা করা হলেও আপাতত ফুলহ্যামের ডাগআউটে দায়িত্ব পালনে কোনো নিষেধাজ্ঞার মুখে পড়ছেন না আরবেলোয়া। কিন্তু ভবিষ্যতে এ ধরনের বিতর্কে আবারও জড়ালে তার বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

