ক্রিড়া ডেস্ক: ভারত সফরকে স্মরণীয় করে রাখছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে দুর্দান্ত শতক হাঁকিয়ে ক্যারিবীয়দের হয়ে এই সংস্করণে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।
চলতি ভারত সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এটি হোপের চতুর্থ শতক। ইনিংসের শেষ দুই বলে টানা দুটি ছক্কা মেরে মাত্র ৫০ বলেই অপরাজিত ১০০ রান পূর্ণ করেন তিনি। তাঁর ঝলমলে ইনিংসটি সাজানো ছিল চারটি চার ও নয়টি ছক্কায়। ২০৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন এই ক্যারিবীয় অধিনায়ক।
এই শতকের মধ্য দিয়ে ক্রিস গেইল ও এভিন লুইসকে ছাড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়েছেন শাই হোপ। পাশাপাশি এই সংস্করণে দুই হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।
হোপের রেকর্ড গড়ার দিনে ভারতের বিপক্ষে জয়ও পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজের শেষ ম্যাচটি এখন দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আগামী শনিবার সিরিজের পঞ্চম ও নির্ধারণী টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

