ক্রিড়া ডেস্ক: প্রতিপক্ষের চুল টেনে ধরা এবং রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে অসদাচরণের দায়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি।
লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেই গোল করেন ভিনিসিয়ুস। তবে গোল করার পরপরই লাল কার্ড দেখতে হয় তাকে। প্রতিপক্ষের খেলোয়াড় ন্যাথান সালিবার চুল টেনে ধরার ঘটনা ভিডিও সহকারী রেফারির (ভিএআর) মাধ্যমে পর্যালোচনা করে তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন রেফারি।
লাল কার্ড পাওয়ার পর ক্ষুব্ধ ভিনিসিয়ুস আক্রমণাত্মক ভঙ্গিতে রেফারির দিকে এগিয়ে যান। এ সময় তার সতীর্থরা তাকে থামিয়ে মাঠের বাইরে নিয়ে যান। পরবর্তী সময়ে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় দুই ম্যাচ এবং রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে অসদাচরণের দায়ে আরও দুই ম্যাচসহ মোট চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে।
এই নিষেধাজ্ঞার কারণে সেভিয়া, বার্সেলোনা, রেসিং সান্তানদের ও ভালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারবেন না ভিনিসিয়ুস। তবে সবচেয়ে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে তার অনুপস্থিতিকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভিনিসিয়ুসকে ছাড়াই মাঠে নামতে হবে রিয়াল মাদ্রিদকে।
লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। এমন পরিস্থিতিতে আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পাওয়া দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

