সময়পত্র ডেস্ক: রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় নাশকতা, বিশৃঙ্খলা ও নৈরাজ্য প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে কথিত কিশোর গ্যাংয়ের সদস্যদের আস্তানাসহ বেশ কয়েকটি বাসায় তল্লাশি চালানো হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পল্লবীর কথিত কিশোর গ্যাংয়ের প্রধান ও কথিত সন্ত্রাসী আশিকের বাড়িসহ কয়েকটি বাসায় তল্লাশি চালান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও চাঁদাবাজি প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কয়েকটি বাসা থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, নাকফুলসহ বিভিন্ন ধরনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অপরাধীদের আইনের আওতায় আনতেই এ বিশেষ অভিযান চালানো হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

